বিশ্বকাপ থেকে প্রত্যাশার অনেক আগেই বিদায় নেওয়ায় জাতীয় দলের কোচ ও খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার তীব্র সমালোচনা করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। একই সঙ্গে জাতীয় দলের ব্যর্থতার কারণ খুঁজে বের করতে ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট বলেন, তুলনামূলক সহজ একটি গ্রুপ থেকেও দল পরের পর্বে যেতে না পারায় তিনি শুধু বিস্মিত নন, পুরোপুরি হতবাক। তার ভাষায়, এই ফলাফল আবারও প্রমাণ করেছে যে সঠিক মানুষকে সঠিক দায়িত্বে বসানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যোগ্যতার পরিবর্তে পক্ষপাতকে প্রাধান্য দিয়ে অযোগ্য কাউকে নেতৃত্বে বসানো হলে ফল এমনই হবে।
দলীয় পর্বে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা দুই ম্যাচে হেরে গ্রুপের তৃতীয় স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। ফলে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যেও জায়গা হয়নি তাদের। এতে নকআউট পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়।
বিশ্বকাপ থেকে বিদায়ে ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, তদন্তের নির্দেশ
জাতীয় দলের প্রধান কোচ হং মিয়ং-বোকে ২০২৪ সালে আবার দায়িত্ব দেওয়ার সময় থেকেই দেশটির বিভিন্ন গণমাধ্যমে পক্ষপাতের অভিযোগ ওঠে। কোচ নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ ছিল না বলেও সমালোচনা হয়। যদিও এসব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন হং মিয়ং-বো।
প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, ব্যক্তিগত স্বার্থকে জনগণের স্বার্থের ওপরে স্থান দিয়ে যেসব ভুল নিয়োগ দেওয়া হয়, সেগুলো বারবার ঘটার অন্যতম কারণ হলো নিয়োগদাতাদের জবাবদিহির কার্যকর ব্যবস্থা না থাকা। তাই এমন ব্যর্থতার পেছনের কারণ খুঁজে বের করে ভবিষ্যতে যাতে একই ধরনের ভুল না হয়, সে জন্য তদন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
সূত্র : রয়র্টাস
বিডি-প্রতিদিন/এআইডি