রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় র্যাবের ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত ‘পাটালি গ্রুপ’-এর হোতা শামীম পাটালিসহ সংঘবদ্ধ ছিনতাই ও সন্ত্রাসী চক্রের আট সদস্য। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং বিপুল দেশি অস্ত্র জব্দ করা হয়। গতকাল র্যাব-২ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২৪ ও ২৭ জুন রাতে মোহাম্মদপুরের বসিলা, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোড ও রায়েরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র?্যাব জানায়, গত ২৪ জুন রাতে প্রথমে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে তরবারিসহ জুয়েল ও শাকিলকে গ্রেপ্তার করা হয়। ২৭ জুন রাতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে হোতা শামীম পাটালির দুই ঘনিষ্ঠ সহযোগী খোকন মুন্সী ও সজীব ব্যাপারীকে গ্রেপ্তার করে র?্যাব। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রিমা মডেল টাউনে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ শামীম পাটালিকে গ্রেপ্তার করা হয়। একই রাতে পৃথক অভিযানে চাঁদ উদ্যান এলাকা থেকে চাপাতিসহ শাকিউল ও আরিফকে এবং বাবর রোড এলাকা থেকে হৃদয় ও নয়নকে গ্রেপ্তার করা হয়। র্যাবের অনুসন্ধান ও পুলিশ ক্লিয়ারেন্স রেকর্ড অনুযায়ী, শামীম পাটালি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় অস্ত্র ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গত ১৫ মে মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে জখম করার আলোচিত ঘটনার প্রধান অভিযুক্ত এই শামীম। তার বিরুদ্ধে দস্যুতা, হত্যাচেষ্টা, গুরুতর আঘাত ও মাদকসহ ৮টি মামলা রয়েছে। শামীমের পরিবারের আরও দুই সদস্য রানা পাটালি ও রাসেল পাটালি এরই মধ্যে অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। এ ছাড়া গ্রেপ্তার হওয়া বাকি সাত আসামির বিরুদ্ধেও বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, মাদক ও ডাকাতির চেষ্টার একাধিক মামলা রয়েছে।