রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, ২০১৯ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত জেলায় ১৩৯ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। একই সময়ে রাজশাহী বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৯৪-এ। চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ, সচেতনতার অভাব, সামাজিক সংকোচ এবং রোগ সম্পর্কে ভুল ধারণার কারণে সংক্রমণ নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্য ও নেতিবাচক মনোভাবও চিকিৎসা গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
রামেক হাসপাতালের তথ্যানুযায়ী, ২০১৯ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১২ হাজার ৮৫২ জন এইচআইভি পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ১১৫ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে ১০৫ জন পুরুষ, নয়জন নারী এবং একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি।