সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে প্রকৃত সত্য উদ্ঘাটনে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, খবরের ভিতরের খবর খুঁজে বের করতে হবে। গতকাল সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ তিনি এসব কথা বলেন। এ সময় বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অন্য নেতারা উপস্থিত ছিলেন। মাহবুবা ফারজানা বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ছড়াছড়ি রয়েছে। এ অবস্থায় প্রকৃত তথ্য অনুসন্ধান করে সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতা আগের তুলনায় কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘খবরের ভিতরের খবর, তারও ভিতরের খবর আমরা চাই।’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।