ম্যানচেস্টার সিটি তাদের নতুন কোচ হিসেবে হিসেবে চেলসি ও লেস্টারের সাবেক কোচ এনজো মারেস্কার নাম ঘোষণা করেছে। এই ইতালীয় কোচ ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত মেয়াদে তিন বছরের একটি চুক্তিতে সই করেছেন। মারেস্কা এর আগেও ম্যানচেস্টার সিটির হয়ে কাজ করেছেন।
তার নেতৃত্বে ২০২০-২১ মৌসুমে তিনি তাদের ‘এলিট ডেভেলপমেন্ট স্কোয়াড’-কে প্রিমিয়ার লিগ ২-এর শিরোপা জিতিয়েছিলেন। এছাড়া ২০১৮-১৯ মৌসুমে সিটির ‘ট্রেবল’ জয়ের সময় গার্দিওলার অধীনে তিনি মূল দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছিলেন।
ম্যানচেস্টার সিটিতে এক দশক দায়িত্ব পালনের পর সম্প্রতি পেপ গার্দিওলা ক্লাব ছাড়ার ঘোষণা দেন। এর ঠিক এক মাস পর ৪৬ বছর বয়সী মারেস্কাকে নিয়োগ দিল ক্লাবটি। গত জানুয়ারিতে চেলসি ছাড়ার আগে এই ইতালিয়ান কোচের সঙ্গে পশ্চিম লন্ডনের ক্লাবটির ২০২৯ সাল পর্যন্ত চুক্তি ছিল।
মারেস্কা বলেন, ম্যানচেস্টার সিটি এমন একটি ক্লাব যা আমি খুব ভালোভাবেই চিনি এবং এই দলের দায়িত্ব নেওয়ার সুযোগ পাওয়াটা আমার জন্য দারুণ এক ব্যাপার। সিটি অবিশ্বাস্যভাবে সুপরিচালিত একটি ফুটবল ক্লাব। তাদের প্রতিটি কাজই উদ্ভাবনী, সুপরিকল্পিত এবং সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। একজন কোচের জন্য এটি স্বপ্নের মতো একটি পরিস্থিতি। কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ধারাবাহিকতা আমি এখান থেকেই পাই।
এই ইতালীয় কোচ আরও বলেন, এখানে এটি আমার তৃতীয় অধ্যায় হতে যাচ্ছে। আমি এই ক্লাবটিকে চিনি, এখানকার চাহিদা ও প্রত্যাশা সম্পর্কেও আমার ধারণা আছে। এখানকার কর্মীদের গুণমানই ক্লাবটিকে অনন্য করে তুলেছে; আমার সক্ষমতার ওপর আস্থা রাখার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, খেলোয়াড়দের কোচিং করানোর কাজ শুরু করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি চাই আমরা জয়ী হই, ভালো ফুটবল খেলি এবং ম্যানচেস্টার সিটির প্রতিনিধিত্ব করার চাপটুকু উপভোগ করি।
ইংল্যান্ডে মারেস্কার প্রথম সিনিয়র ম্যানেজমেন্ট বা প্রধান কোচের দায়িত্ব ছিল লেস্টার সিটিতে। সেখানে দায়িত্ব পালনের একমাত্র মৌসুমেই তিনি 'চ্যাম্পিয়নশিপ' শিরোপা জিতেছিলেন। এরপর তিনি চেলসিতে যোগ দেন। ব্লুজদের (চেলসি) হয়ে কাজ করার সময় তিনি উয়েফা কনফারেন্স লিগ জয় করেন।
গার্দিওলার উত্তরসূরি হিসেবে সিটিতে তার নামই সবচেয়ে বেশি আলোচিত ছিল এবং এখন তিনি ২০২৬-২৭ মৌসুমে আটবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটির নেতৃত্ব দেবেন।
বিডি প্রতিদিন/আরকে