নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, দস্যুতা, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অভিযোগে মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গ্রেফতাররা হলেন- সানারপাড় নিমাইকাশারী এলাকার হযরত আলী (৪৬), সানারপাড়ের মো. বিল্লাল হোসেন, নিমাইকাশারীর রেনু বেগম, মিজমিজি কান্দাপাড়ার মো. মোরশেদ আলী ওরফে মইশা (৪২), একই এলাকার মো. মিজানুর রহমান ওরফে তেতা মিজান (৪৫), চিত্তরঞ্জন মিল এলাকার মো. মানিক (৩৫), গোদনাইল মীরপাড়ার মীর আল আমিন নয়ন (২৫), সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মো. ফারহান আহম্মেদ সাগর (২৪), এসিআই পানির কল এলাকার মো. হাবিবুর রহমান অভি (২৭), মিজমিজি দক্ষিণপাড়ার সাঈদ হোসেন মুন্না (২৮) এবং নড়াইল জেলার নিয়ামুল শরীফ (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে হযরত আলী, মো. বিল্লাল হোসেন ও রেনু বেগমকে মাদকসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া সাজাপ্রাপ্ত জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত তিনজন, বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট মামলার দুজন সাঈদ হোসেন মুন্না (ছাত্রলীগ নেতা) ও নিয়ামুল শরীফ (যুবলীগ কর্মী), দস্যুতা মামলার একজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি এমদাদুল হক বলেন, মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি