শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগ এবং কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সমাজকর্ম বিভাগে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ।
এ সময় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. শফিকুর রহমান, অধ্যাপক মুহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক ড. আব্দুল জলিল, অধ্যাপক ফখরুল আলম, অধ্যাপক আবুল কাশেম, কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস কংলা, বিভাগের শিক্ষক, ইন্টার্ন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতা চুক্তির ফলে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা কারিতাস বাংলাদেশের সিলেট অঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইন্টার্নশিপ ও মাঠপর্যায়ের কাজের সুযোগ পাবেন। পাশাপাশি প্রবীণ ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমাজকর্ম বিভাগ ও কারিতাস বাংলাদেশ যৌথভাবে কাজ করবে।
তারা আরও জানান, এ উদ্যোগ শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ