আবাসিক হলে অবৈধভাবে অবস্থানকারীদের সিট বাতিলসহ তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে শিবির। এতে আবাসিক হলে ছাত্রদল বৈধভাবে সিট দখলে রাখার প্রতিবাদ জানানো হয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন হয়।
সংগঠনটির অন্য দাবি হল- শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি দিতে হবে এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ করতে হবে। দুই এলোটমেন্টের মধ্যবর্তী সময়ে উক্ত তালিকা অনুযায়ী সিট বণ্টন করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের পর্যবেক্ষণের সুবিধার্থে সিট বণ্টন প্রক্রিয়া কেন্দ্রীয়করণ করে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
কর্মসূচিতে শাখা শিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ছাত্রদলের নেতৃবৃন্দ অবৈধভাবে সিট দখল করে রাখছে। বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়েছে। অথচ এসব কর্মকাণ্ড বন্ধ না করে ছাত্রদল সভাপতি মিথ্যাচার করছেন। এদিকে অবৈধ সিট দখলের কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। অবিলম্বে হলে অবৈধ অবস্থান জনিত সকল সমস্যা নিরসন করতে হবে।
মানববন্ধনে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এআরএ