চালক ও পথচারীদের মাঝে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। সোমবার(২৯ জুন) সকালে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোচালক, সিএনজি চালকসহ বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের হাতে এসব প্রচারপত্র তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার উপদেষ্টা মো. রফিকুল আলম, সভাপতি মো. আসিফুর রহমান, সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম, ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল ইসলাম, প্রবীণ হিতৈষী সমিতির সাধারণ সম্পাদক মো. আফসার আলী, নারী বিষয়ক সম্পাদক ইসমাত জাহান সাথী, কোষাধক্ষ সায়েমা আলম সৃষ্টি, সদস্য মো. সাইফ আলী, চিত্র শিল্পী সমর সাহা প্রমূখ।
শহরের ক্লাব সুপার মার্কেট, নিউ মার্কেট, বড় ইন্দারা মোড়, কলেজ মোড়, শান্তি মোড় ও বিশ্বরোডসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সদস্যরা। এ সময় চালকদের ট্রাফিক আইন মেনে চলা, গাড়ি চালানোর সময় সতর্ক থাকা এবং পথচারীদের নিরাপদ চলাচলের সুযোগ দেওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
সচেতনতামূলক প্রচারপত্রে চালকদের নির্ধারিত নিয়ম মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি পরিহার, সড়কে দায়িত্বশীল আচরণ এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বার্তা দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন প্রায় এক হাজার চালকের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে তাদের।
বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওয়ালিউল ইসলাম বলেন, ‘সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তাদের মধ্যে সচেতনতা বাড়াতে এই প্রচার কার্যক্রম চালানো হয়েছে। আগামীতে জনসচেতনতামূলক আরও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।’
জেলা সভাপতি মো. আসিফুর রহমান বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চালকদের সচেতন করতে আজকের এই আয়োজন। সড়ক দুর্ঘটনা কমাতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে।’
প্রচার কার্যক্রমের প্রশংসা করে জেলা প্রবীণ হিতৈষী সমিতির সাধারণ সম্পাদক মো. আফসার আলী বলেন, ‘বর্তমানে শহরে যানজট ও সড়ক দুর্ঘটনার বিষয়টি উদ্বেগের। এমন সময়ে চালকদের সচেতন করতে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ।’
অটোচালক তারেক বলেন, ‘অনেক চালক সড়কের নিয়ম-কানুন ঠিকভাবে না জেনেই গাড়ি চালান। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। শুভসংঘের এই প্রচারণা চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।’ আয়োজকেরা জানান, সড়কে নিরাপদ পরিবেশ তৈরিতে ভবিষ্যতেও চালক, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আরকে