গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মেধাবী ও অসচ্ছল ২৪ শিক্ষার্থীকে ‘গুণীজন সাইদুর রহমান(চাঁদ মিয়া)-তহমিনা বেগম ট্রাস্ট’ এর বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার(২৯ জুন) দুপুরে একাডেমিক ভবনে ইতিহাস বিভাগের আয়োজনে এ বৃত্তি প্রদান করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করেন।
ইতিহাস বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মানবিক অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস। অনুষ্ঠানের স্মারক বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. সানজীদা পারভীন।
এইদিন মেধা ক্যাটাগরিতে ৫ জন শিক্ষার্থীর দুইজনকে জনপ্রতি ৬ হাজার টাকা, তিনজনকে জনপ্রতি ৫ হাজার এবং ১৯ জনকে জনপ্রতি ৪ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.সোহেল হাসান বিশ্ববিদ্যালয়ে ‘গুণীজন সাইদুর রহমান (চাঁদ মিয়া)-তহমিনা বেগম ট্রাস্ট’ বৃত্তি চালু করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহী হতে সহায়তা করবে। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরকে