বগুড়ায় বিস্ফোরক মামলায় গ্রেফতার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু জামিনে কারামুক্ত হয়েছেন। সোমবার সকালে তিনি বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান।
এর আগে, গত ২৩ জুন রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার স্থানীয় একটি হোটেল থেকে ডা. সামির হোসেনকে আটক করে পুলিশ। পরে তাকে বগুড়া সদর থানায় দায়ের হওয়া জুলাই আন্দোলনে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখানো হয়।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানজীম আল মিজবাহ জানান, রবিবার বগুড়া জেলা জজ আদালতে ডা. মিশুর জামিন আবেদন শুনানি হয়। শুনানি শেষে আদালতের ভারপ্রাপ্ত বিচারক কৌশিক আহমেদ তার জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২৩ জুন রাতে শেরপুর সদরের ওই রেস্তোরাঁয় এক চিকিৎসকের জন্মদিন উপলক্ষে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিতে বগুড়া থেকে যান ডা. সামির হোসেন। খবর পেয়ে বিএনপির কিছু সমর্থক রেস্তোরাঁটির সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যায়। পরে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
ডা. সামির হোসেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি বগুড়া সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর তাকে বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়।
বিডি প্রতিদিন/এমআই