খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাচিনসনপুর এলাকায় কৃষকের জালে ৮ ফুট লম্বা একটি অজগর সাপ আটকা পড়েছে। পরে স্থানীয়রা বনবিভাগে জানালে একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।
জানা গেছে, সোমবার সকালে হাচিনসনপুর এলাকায় কৃষি কাজের সময় একটি জালে অজগরটি ধরা পড়ে। বিশাল আকৃতির সাপটি দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কেউ সাপটিকে আঘাত করেননি। বিষয়টি উপজেলা মেরুং রেঞ্জ অফিসে জানানো হয়।
খবর পেয়ে মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা জাফর উল্লাহর নেতৃত্বে বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে য়ায়। পরে নিরাপদে অজগর সাপটি উদ্ধার করে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থল পাহাড়ের গহীন জঙ্গলে অবমুক্ত করার জন্য নিয়ে যায়।
বন বিভাগের পক্ষ থেকে স্থানীয়দের বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, বন্যপ্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে বা প্রাণীটিকে ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানাতে বলা হয়।
বিডি প্রতিদিন/এএম