নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকাসক্তি প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। তরুণ সমাজ মাদকের কারণে বিপথে পরিচালিত হচ্ছে, যা পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তারা মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বটতলা বাজার থেকে পাঁচানী শান্তিনগর এলাকায় নতুন বাজার প্রদক্ষিণ করে এবং বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেয়।
এ সময় উপস্থিত ছিলেন, জালাল উদ্দিন রুমি, জসিম উদদীন, নুরনবি মাস্টার, জাকির হোসেন, মোস্তফা কামাল, বাদল হোসেন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ আবুল কাশেম, জাহিদ সিকদার, আব্দুস সালাম, সাকিব আহাম্মেদ শরিফ, রকিব হোসেন, ফারহান, ইসলাম মিয়া ও রমজান হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ