ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৭ জুন ঢাকার একটি হোটেলে দলের বিশেষ শুরা অধিবেশনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই মাওলানা গাজী আতাউর রহমানকে মহাসচিব করে ৪৮ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। একই সাথে ১১ সদস্যের প্রেসিডিয়াম ও ২৪ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (২৯ জুন) দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই গঠনতন্ত্রের ধারা-১৪ (গ) এ প্রদত্ত ক্ষমতাবলে মাওলানা ইমতিয়াজ আলম ও আল্লামা খালিদ সাইফুল্লাহকে দলের উপদেষ্টা পরিষদে সংযুক্ত করেছেন এবং ধারা-১৫ (চ) এ প্রদত্ত ক্ষমতাবলে আতিকুর রহমান নান্নু মুন্সিকে মজলিশে শুরার সদস্য হিসেবে মনোনীত করেছেন।
মাওলানা ইমতিয়াজ আলম ৯০ এর দশকের শুরুতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গঠনকালে এর গঠন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত ছিলেন। ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহকারী মহাসচিব ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। একই সাথে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্বপরিবারে স্থায়ীভাবে বসবাস করছেন।
আল্লামা খালিদ সাইফুল্লাহ দেশের প্রথিতযশা আলেমেদ্বীন ও রাজনীতিবিদ। একাধিকবার নির্বাচিত জনপ্রতিনিধি। হজরত হাফেজ্জি হুজুরের জামাতা।
আতিকুর রহমান নান্নু মুন্সি বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রবীন লড়াকু সৈনিক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম, রাহিমাহুল্লাহর ঘনিষ্ট সহচর ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই