উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদূর হোসেন নোবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না ও শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ, সদস্যসচিব ইয়াছিন বাবলু, সদর (পূর্ব) উপজেলা ছাত্রদলের সদস্যসচিব বায়েজিদ হোসেন এবং সদর (পশ্চিম) উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মিজানুর রহমান মিজান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতার বক্তব্যের মাধ্যমে বিএনপিকে উদ্দেশ্য করে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহবাজ মাহমুদ চৌধুরী জিদান বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হলে দল তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। তিনি প্রতিপক্ষকে দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/এআইএস