হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো ‘বায়োমেডিকেল ইন্টেলিজেন্স, এআই উদ্ভাবন এবং টেকসই উদীয়মান প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক কংগ্রেস (ICBISET-2026)’ শীর্ষক আন্তর্জাতিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে কংগ্রেসের উদ্বোধনী ও অফলাইন পর্ব অনুষ্ঠিত হয়।
আইইইই কম্পিউটার সোসাইটি এইচএসটিইউ ছাত্র শাখা অধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মো. এনাম উল্যা।
অনুষ্ঠানে প্রধান মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং আইইইই কম্পিউটার সোসাইটি এইচএসটিইউ ছাত্র শাখা অধ্যায়ের সাবেক চেয়ার প্রফেসর ড. এম. সোহেল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. জামিল সুলতান এবং একই অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক, আইইইই কম্পিউটার সোসাইটি এইচএসটিইউ ছাত্র শাখা অধ্যায়ের রংপুর বিভাগীয় সমন্বয়ক, IEEE HSTU Student Branch Chapter-এর উপদেষ্টা এবং IEEE-এর সিনিয়র সদস্য ড. তানজিনা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল ইন্টেলিজেন্স এবং টেকসই উদীয়মান প্রযুক্তি আগামী দিনের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, হাবিপ্রবি একটি গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক মানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে এবং ইতোমধ্যে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই কংগ্রেসের মাধ্যমে অর্জিত জ্ঞান ও গবেষণালব্ধ ফলাফল স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ড. তানজিনা সুলতানা জানান, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে IEEE CSE HSTU Student Branch-এর উদ্যোগে আরও বৃহৎ পরিসরে একটি আন্তর্জাতিক কনফারেন্স বা সিম্পোজিয়াম আয়োজনের পরিকল্পনা রয়েছে।
কংগ্রেসের দ্বিতীয় পর্ব সোমবার সন্ধ্যা ৭টা থেকে অনলাইনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াসহ পাঁচটি দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও অধ্যাপকরা সমসাময়িক প্রযুক্তি বিষয়ে কীনোট বক্তব্য উপস্থাপন করবেন।
দিনব্যাপী আয়োজিত এ আন্তর্জাতিক কংগ্রেসের অফলাইন পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও প্রযুক্তিবিদরা অংশ নেন। অনলাইন পর্বে দেশ-বিদেশের গবেষক ও বিশেষজ্ঞরা ভার্চুয়ালি যুক্ত হয়ে তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।
বিডি-প্রতিদিন/এমএল