লবণাক্ততা অধ্যুষিত জমিতে কৃষির উৎপাদন বাড়াতে মোংলায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা ও দেশীয় ফলের মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ কর্মশালা ও ফল মেলা।
ফল চাষ ও বারো মাস ফল সংরক্ষণ এবং আর্ন্তজাতিক মানের কৃষি উৎপাদন করতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস'র মাধ্যমে দেশের মোট ১০ লাখ কৃষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানানো হয় কর্মশালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (পিপি) অপূর্ব লাল সরকার, মোংলা উপজোলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদারসহ স্থানীয় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা। এর আগে ফল মেলার উদ্বোধন শেষে ফলের ষ্টল ঘুরে দেখেন অতিথিরা। কর্মশালা শেষে কৃষকদের মাঝে বিতরণ করা হয় গাছের চারা, জৈব সার, ধানের বীজ ও চারা পরিচর্যার জন্য নেট ও বাঁশ।
বিডি প্রতিদিন/এএম