ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিস ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) ও রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া দুজন সম্পর্কে মামা-ভাগিনা।
সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে এবং রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইজিবাইকটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় রাজা হাসানের প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ৩ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া মামা-ভাগিনা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ইয়াবার অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বিডি-প্রতিদিন/এআইএস