ধানক্ষেতে কাজ করার সময় দিনাজপুরের ঘোড়াঘাটে বৃষ্টির মধ্যে বজ্রপাতে কামরুল ইসলাম নামে এক কৃষি শ্রমিক নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। তারা সবাই মাঠে কাজ করছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম (৩২) ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন, একই এলাকার হায়দার আলীর ছেলে গোলজার (৩৫) ও ইনসান আলীর ছেলে নূরনবী (৩০)।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল থেকেই এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ধানক্ষেতে কাজ করছিলেন কামরুল, গোলজার ও নূরনবী। কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুল ইসলাম মারা যান। এসময় অপর দুইজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কামরুল মাঠের জমিতে কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাত পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম