শিশুর হাতে একটি গাছের চারা মানেই আগামী দিনের জন্য একটি সবুজ স্বপ্নের বীজ বপন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গাজীপুরের কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা তুলে দিয়েছে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘ। চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি, আর বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় সবুজের এক প্রাণবন্ত উৎসবে।
'সবুজ ও সুন্দর আগামী' গড়ার প্রত্যয়ে দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ জুন) উপজেলার কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
চারা অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. মহসিন মিয়া, সাইফুল ইসলাম, আকলিমা খাতুন, মাছুমা, লিপি রানী পাল, রেফায়েত উল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বসুন্ধরা শুভসংঘের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, বসুন্ধরা শুভসংঘের এই মহতী উদ্যোগে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। আমার শিক্ষার্থীরা গাছের চারা পেয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বসুন্ধরা গ্রুপ সারাদেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটাবে—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, বর্তমানে যেভাবে নির্বিচারে বৃক্ষ নিধন হচ্ছে, তাতে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। সরকার পাঁচ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছে, তাতে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের অবস্থান থেকে অবদান রাখতে চায়। বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা টিস্যু ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে আশা করি।
কাপাসিয়া চর খিরাটি এলাকায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের সভাপতি ও কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফরিদ মিয়া বলেন, ‘শুভকাজে সবার পাশে’—এই অঙ্গীকারকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ সারা দেশে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় কাপাসিয়ার শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। পৃথিবীকে সবুজ রাখতে হলে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
সহকারী শিক্ষক মো. রেফায়েত উল্লাহ বলেন, দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় বসুন্ধরা শুভসংঘকে অভিনন্দন জানাই। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
বিডি-প্রতিদিন/এমএল