কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছিল আফ্রিকার দেশ মরক্কো। ওই আসরে কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস। এবার রাউন্ড অব ৩২-এ হাইভোল্টেজ ম্যাচে হাকিমিদের মুখোমুখি হচ্ছে ডাচরা। তাই একটি দলকে বিদায় নিতে হবে শেষ ষোলোর আগেই।
মরক্কোর কোচ নাবিল ওয়াহবি নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে সম্পূর্ণ ভিন্ন মানসিকতা ও পরিকল্পনার প্রয়োজন বলে জানিয়েছেন। গ্রুপ পর্বে ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে ম্যাচ থেকে সাত পয়েন্ট সংগ্রহ করে ‘সি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নকআউটে জায়গা করে ‘অ্যাটলাস লায়ন্স’রা।
সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, গত তিনটি ম্যাচে আমরা প্রমাণ করেছি, ভালো পারফর্ম করার সক্ষমতা আমাদের আছে এবং মাঠে আমাদের দৃঢ় মানসিকতা রয়েছে। তবে নেদারল্যান্ডসের ম্যাচটি ভিন্ন এবং এর জন্য ভিন্ন কৌশলের প্রয়োজন। ঠিক এই মানসিকতা নিয়েই আমরা মাঠে নামব।
ব্রাজিলের বিপক্ষে ১-১ ড্র দিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করেছিল আশরাফ হাকিমিরা। এরপর স্কটল্যান্ডকে ১-০ ও হাইতিকে ৪-২ ব্যবধানে হারায় তারা। অন্যদিকে সুইডেন ও তিউনিসিয়াকে হারিয়ে এবং জাপানের সঙ্গে ড্র করে ডাচরাও সাত পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে।
ওয়াহবি জানান, নকআউট পর্বের আগে খেলোয়াড়দের ওপর ধকল কমাতে মরক্কো তাদের শেষ গ্রুপ ম্যাচটিকে কাজে লাগিয়েছিল। হাইতির বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন এনে দলের সবার মধ্যে খেলার সময় ভাগ করে দেওয়া হয়েছিল।
শেষ ম্যাচে তরুণ ফুটবলার আইয়ুব বুয়াদিকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শারীরিক সক্ষমতার দিক থেকে, তৃতীয় ম্যাচে আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই খেলোয়াড়দের খেলার সময় নিয়ন্ত্রণ করতে পেরেছি। তিনি আরও বলেন, আমি চেয়েছিলাম দলের সবার মধ্যে খেলার সময় ভাগ করে দিতে, যাতে প্রতিটি ফুটবলার অংশগ্রহণের সুযোগ পায়। এর ফলে পুরো দলই সেরা অবস্থায় থাকতে পারে।
গ্রুপ পর্বে মরক্কো তাদের খেলার বিভিন্ন দিক তুলে ধরেছে, যেমন বল ছাড়া খেলে ব্রাজিলকে হতাশ করা, স্কটল্যান্ডের বিপক্ষে অল্প ব্যবধানের লিড ধরে রাখা এবং হাইতির বিপক্ষে শুরুর ধাক্কা সামলে জয় তুলে নেওয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের কৌশল নিয়ে ওয়াহবি বিস্তারিত কিছু না বললেও জানিয়েছেন, কঠিন গ্রুপ পর্ব পার করার পেছনে যেসব গুণাবলী ভূমিকা রেখেছে, তার ওপরই তারা আস্থা রাখবেন।
বিডি প্রতিদিন/আরকে