মুন্সীগঞ্জে দুই হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, সার ও ফলদ-বনজ চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিয়াসাত সাদাত হোসেন।
বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব এ প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা কৃষকদের সঠিকভাবে কৃষি উপকরণ ব্যবহার করে অধিক উৎপাদন নিশ্চিত করার আহ্বান জানান।
এ কর্মসূচির আওতায় ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ১ হাজার ৪০০ জন কৃষকের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ এবং ১২ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। প্রশাসন জানায়, পর্যায়ক্রমে উপজেলার কৃষকদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, লেবুর চারা এবং অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. তাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/এমই