ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঐতিহ্যবাহী গণপাঠাগারের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ছাত্র-জনতা, কবি-সাহিত্যিক, পাঠক এবং সচেতন নাগরিকেরা।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ‘ছাত্র-জনতা, কবি-সাহিত্যিক, পাঠক ও সচেতন নাগরিক’-এর ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা ‘নাম নয়, চাই ঐতিহ্যের সম্মান’ এবং ‘বাঞ্ছারামপুর গণপাঠাগারের পরিচয় ফিরিয়ে দাও’সহ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত বাঞ্ছারামপুর গণপাঠাগার দীর্ঘদিন ধরে উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। বহু বছর বন্ধ থাকার পর পাঠাগারটি পুনরায় চালু হওয়ায় তারা আনন্দিত। তবে জনগণের মতামত ছাড়াই এর নাম পরিবর্তন করে ‘উপজেলা প্রশাসন গ্রন্থাগার’ রাখায় তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, পাঠাগারটি উপজেলা প্রশাসনের অধীনেই পরিচালিত হোক, এ নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু প্রশাসনিক পরিচয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের ঐতিহাসিক পরিচয়ও সংরক্ষণ করা জরুরি। তাই পাঠাগারের নাম ‘ফেরদৌস আরা স্মৃতি পাবলিক লাইব্রেরি’ অথবা ‘উপজেলা পাবলিক লাইব্রেরি’ রাখার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এতে পাঠাগারের দীর্ঘদিনের ঐতিহ্য ও জনমতের প্রতি সম্মান জানিয়ে নাম চূড়ান্ত করার আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/এমই