খাগড়াছড়ি জেলার দেড় শতাধিক মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসায় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সোমবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছের চারা রোপণ এবং তার পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার দেড় শতাধিক স্কুল ও মাদ্রাসায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল