কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার জর্জিয়া প্রণালীতে একটি চার্টার নৌকাডুবে যাওয়ার ঘটনায় ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কানাডিয়ান কোস্ট গার্ড, আরসিএমপি এবং বিমান বাহিনীর সমন্বয়ে ব্যাপক অনুসন্ধান অভিযান চলছে।
রবিবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ৪৫ মিনিটে ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে রবার্টস ব্যাংকের কাছে নৌকাটি পানি ঢুকতে শুরু করে। ধারণা করা হচ্ছে, নৌকাটিতে মোট ১০ জন আরোহী ছিলেন।
যৌথ উদ্ধার সমন্বয় কেন্দ্র (JRCC) জানায়, একটি বেসামরিক জাহাজ থেকে খবর পাওয়া যায় যে, কয়েকজন ব্যক্তি লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে ভাসছেন। এরপরই উদ্ধার অভিযান শুরু হয়।
উদ্ধার হওয়া চারজনকে সি আইল্যান্ড কোস্ট গার্ড স্টেশনে নিয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, আর বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ব্রিটিশ কলাম্বিয়া ইমার্জেন্সি হেলথ সার্ভিসেস।
অনুসন্ধান অভিযানে অংশ নিয়েছে একটি CH-149 Cormorant উদ্ধার হেলিকপ্টার, একটি CC-295 Kingfisher উদ্ধার বিমান, কানাডিয়ান কোস্ট গার্ডের হোভারক্রাফট Siyay, Main Lifeboat Station Ganges, সহায়ক উদ্ধার নৌযান, আরসিএমপির দুটি টহল নৌযান, একটি Black Hawk এবং একটি H145 Airbus হেলিকপ্টার।
পুলিশ জানিয়েছে, নৌকাডুবির কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে নিখোঁজ ছয়জনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ