ভারতের বিপক্ষে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজ জিতে ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। বেলফাস্টে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১ রানের রুদ্ধশ্বাস জয়ে সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ২০ রান। শেষ পর্যন্ত হার্শিত রানার ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ দুই বলে জয়ের জন্য দরকার ছিল ৮ রান। তবে প্রয়োজনীয় রান তুলতে না পারায় ৯ উইকেটে ১৫৩ রানেই থামে ভারতের ইনিংস। ফলে মাত্র ১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন হ্যারি টেকটর। বেঞ্জামিন কালিটজ ৩৭ রান করেন, আর শেষ দিকে জর্জ ডকরেলের ১৯ রানের কার্যকর ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় স্বাগতিকরা।
জবাবে শুরু থেকেই ধাক্কা খায় ভারত। প্রথম ওভারেই শূন্য রানে ফিরে যান দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। এরপর দ্রুত বিদায় নেন শ্রেয়াস আইয়ার (১০), ইশান কিশান (১২) ও অক্ষর প্যাটেল (১৪)।
এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তিলক ভার্মা। ৫৫ রানের ইনিংস খেলে ভারতের আশা জিইয়ে রাখলেও তার বিদায়ের পর চাপ আরও বাড়ে। শেষ দিকে ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি হার্শিত রানা।
আয়ারল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন ম্যাট হোলার্ড ও জাই মন্ড্রা। দুজনই শিকার করেন তিনটি করে উইকেট।
এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ভারতকে ৩৪ রানে হারিয়েছিল আয়ারল্যান্ড। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কীর্তি গড়ল আইরিশরা। একই সঙ্গে টি-টোয়েন্টিতে ভারতের টানা ১৬টি সিরিজ জয়ের ধারাও থামিয়ে দিল স্বাগতিকরা।
দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জিতেছেন জাই মন্ড্রা।
বিডি প্রতিদিন/এম.এস