বাংলাদেশের সোয়েটার শিল্প খাতে টেকসই উন্নয়ন, সাশ্রয়ী বিদ্যুৎ, জ্বালানি ও পানির ব্যবহার এবং পরিবেশবান্ধব অবস্থানের কারণে সম্মানজনক লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশের অন্যতম শীর্ষ সোয়েটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং লাবিব গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি রাজধানীর গুলশানে লাবিব গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হাতে এই সনদ তুলে দেওয়া হয়।
ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেডের পক্ষে সনদ গ্রহণ করেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপের ভাইস চেয়ারম্যান সুলতানা জাহান, উপব্যবস্থাপনা পরিচালক (ফিন্যান্স) পাপিয়া আক্তার, উপব্যবস্থাপনা পরিচালক (সোয়েটার বিভাগ) অনিমেষ চন্দ্র মজুমদারসহ লাবিব গ্রুপ ও ইকো রে গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই স্বীকৃতির মাধ্যমে লাবিব গ্রুপের চারটি প্রতিষ্ঠান লিড প্লাটিনাম সনদ অর্জন করল। ৮৮ পয়েন্ট নিয়ে স্বীকৃতি পাওয়া ম্যাট্রিক্স সোয়েটার্সের আগে গ্রুপের সুলতানা সোয়েটার্স লিমিটেড, নাইস কটন লিমিটেড এবং রাইধা কালেকশনস লিমিটেডও একই সনদ অর্জন করেছে।
বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।
উল্লেখ্য, লাবিব গ্রুপ তৈরি পোশাক, টেক্সটাইল, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
বিডি প্রতিদিন/এম.এস/বিজ্ঞাপন বার্তা