রাজবাড়ীর বসন্তপুরে রেললাইন থেকে ট্রাক সরিয়ে নেওয়ার প্রায় ছয় ঘণ্টা পর রাজবাড়ী-ঢাকা রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে ট্রাকটি সরিয়ে ফেললে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. মাহবুব হাসান।
তিনি জানান, যশোর থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক ভোর ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর রেলগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উঠে যায়। এই দুর্ঘটনার কারণে খুলনা-ঢাকা রুটের ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ ও রাজবাড়ী-ভাঙ্গা রুটের ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেন চলাচল ব্যাহত হয়।
পরে রেললাইন থেকে ট্রাক ও এর ওপর থাকা পাথর সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাইন সচল না থাকায় নির্ধারিত সময়ের চেয়ে নকশীকাঁথা এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ২০ মিনিট এবং রাজবাড়ী এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিডি-প্রতিদিন/এমই