২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। তবে শেষ ৩২-এর লড়াইয়ে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবু আত্মবিশ্বাসে ভরপুর লাতিন আমেরিকার দলটি। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর অভিজ্ঞতাকেই এবার জার্মানির বিপক্ষে অনুপ্রেরণা হিসেবে দেখছেন কোচ গুস্তাভো আলফারো।
বাংলাদেশ সময় সোমবার রাত ২টা ৩০ মিনিটে বোস্টনে শেষ ৩২-এর ম্যাচে জুলিয়ান নাগলসম্যানের জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলফারো বলেন,‘আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলেছি, যারা জার্মানির সমমানের, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আরও এগিয়ে। তারা বিশ্বকাপ জয়ের দাবিদার। তাদের বিপক্ষে আমরা কঠিন লড়াই করেছি এবং জয়ও পেয়েছি।’
বিশ্বকাপ বাছাইপর্বের শুরুটা হতাশাজনক হলেও ২০২৪ সালের আগস্টে আলফারো দায়িত্ব নেওয়ার পর বদলে যায় প্যারাগুয়ের চিত্র। তার অধীনে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পায় দলটি।
তবে মূল বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি প্যারাগুয়ের। প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হারে তারা। এরপর তুরস্কের বিপক্ষে ১০ জন নিয়ে খেলেও ১-০ ব্যবধানে দারুণ এক জয় তুলে নেয়। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট নিশ্চিত করে লাতিন আমেরিকার দলটি।
জার্মানির বিপক্ষে ম্যাচের আগে অবশ্য কিছুটা দুশ্চিন্তায় রয়েছে প্যারাগুয়ে। দুই হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ মিডফিল্ডার ডিয়েগো গোমেজ। ইনজুরির কারণে সেন্ট্রাল ডিফেন্ডার ওমর আলদেরেতের খেলাও অনিশ্চিত।
তবে স্বস্তির খবর, এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড মিগুয়েল আলমিরন। তুরস্কের বিপক্ষে লাল কার্ড দেখায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি।
আলফারো জানিয়েছেন, জার্মানির বিপক্ষে বিশেষ কৌশল নিয়েই মাঠে নামবে তার দল। যদিও ম্যাচের আগে প্রস্তুতির জন্য মাত্র একটি পূর্ণাঙ্গ অনুশীলন সেশন পেয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এম.এস