দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ নির্মিত একটি বড় ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এমনটাই দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, যৌথ এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বলেন, সুড়ঙ্গটির দৈর্ঘ্য ছিল ২০০ মিটারের বেশি এবং এটি মাটির প্রায় ২৫ মিটারেরও বেশি গভীরে নির্মিত হয়েছিল। সেখানে শত শত অস্ত্র মজুত ছিল।
এ ছাড়াও এতে ইসরায়েল ও দেশটির বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর জন্য একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রও ছিল বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন শান্তির পথে অগ্রসর হওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত চুক্তি সই করার মাত্র দুই দিন পর এই অভিযান চালানো হয়। কয়েক দশক ধরে দুই দেশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।
এদিকে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গতকাল রবিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরাইলের একাধিক হামলার পর নিজেদের দেশ ও জনগণকে রক্ষার অধিকার হিজবুল্লাহর আছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইরান-সমর্থিত সংগঠনটি।
হিজবুল্লাহর দাবি, ইসরায়েল যুদ্ধবিমান দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ শহর এবং পাশের মায়ফাদুন শহরের আবাসিক ভবনগুলোতে হামলা চালিয়েছে। এ ছাড়া ইসরাযেলি ড্রোন ফ্রাউন শহর ও বিনত জবেইল জেলার খোলা এলাকায় হামলা চালায়। একই সঙ্গে তাইবেহ ও হাদ্দাথা এলাকার আবাসিক ভবন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়।
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ‘আমরা যুদ্ধবিরতি চুক্তির এসব লঙ্ঘনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার আমাদের আছে।’ সূত্র: দ্য ডন
বিডি প্রতিদিন/নাজিম