জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজকে গ্রেফতার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহেসানুল ইসলাম। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।
ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান সম্প্রতি গ্রেফতার দেখানোর ওই আবেদন করেন। আদালত নবী নেওয়াজের উপস্থিতিতে শুনানির দিন রাখেন সোমবার।
এদিন শুনানিকালে তাকে আদালতে তোলা হয়। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
নবী নেওয়াজের আইনজীবী শামসুর রহমান বাদল বলেন, ‘সাবেক এই এমপিকে হাই কোর্ট ডিভিশন থেকে ইতোমধ্যে রমনা থানা মামলা থেকে জামিন দেওয়া হয়েছে। যখন তিনি মুক্তি পাবেন, তখনই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। তিনি এই মামলার এজাহারনামীয় আসামি নয়। তাকে রাজনৈতিক হয়রানি করতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি শারীরিকভাবেও অসুস্থ, বয়স্ক একজন মানুষ।’
মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের শেষ দিন ২০২৪ সালের ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়।
এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৪ সালের ২২ আগস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।
জুলাই আন্দোলনের সময় রমনায় গুলি করে গৃহকর্মী লিজা আক্তারকে হত্যার মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে নবী নেওয়াজ কারাগারে রয়েছেন। ২০২৫ সালের ১১ এপ্রিল ঢাকায় ডিবি পুলিশের হাতে তিনি গ্রেফতার হন।
বিডি প্রতিদিন/জেডএ