জয়পুরহাট মহাবিদ্যালয় (সাবেক জয়পুরহাট শহীদ জিয়া কলেজ) এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে কলেজের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জয়পুরহাট মহাবিদ্যালয় সাবেক শহীদ জিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মোক্তাদুল হক আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কলেজের অধ্যক্ষ সওদাগর মোহাম্মদ সালাহ উদ্দিন। এছাড়াও কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষে বিদায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জেডআর