খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও কল-কারখানা পরিদর্শন বিভাগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার শাহাদাত। তিনি বলেন, ‘আমরা শুধু সরকারিভাবে এ কার্যক্রমের কাজ করলে হবে না, এখানে সামাজিকভাবে ও আমাদের সবাইকে শিশুশ্রম প্রতিরোধ করতে এগিয়ে আসতে হবে।’ সেজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক সহকারী কর্মকর্তা রবিউল হোসেন, প্রাথমিকের সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফ, টিটিসির অধ্যক্ষ নারায়ন চন্দ্র খাঁ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম।
আলোচনা সভা ও র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই