দেশি-বিদেশি এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬। আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস। ‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত টুর্নামেন্টে ১৬টি দেশি ও আন্তর্জাতিক এয়ারলাইন্স অংশ নেবে।
দুই দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, বেবিচক ও এভিয়েশন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেওয়া হবে।
এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, এই আয়োজনের মাধ্যমে এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে।
টুর্নামেন্ট ডিরেক্টর মো. আদনান রহমান বলেন, বিশ্বকাপ ফুটবলের আবহকে সামনে রেখে এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে টিমওয়ার্ক ও সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিডি-প্রতিদিন/এমএল