চাঁদপুরের কচুয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে চুরির সময় এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার গভীর রাতে উপজেলার বেরকোটা গ্রামে ঘটনাটি ঘটে। নিহতের নাম ফাতেমা বেগম (৬৫)। তিনি বেরকোটা গ্রামের সাদেক উল্যাহ মিয়াজির স্ত্রী।
পরিবারের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢোকে। ধারালো অস্ত্র দিয়ে ফাতেমাকে গলা কেটে হত্যা করে তারা। পরে মূল্যবান মালামাল নিয়ে যায়। স্বজনদের ধারণা, ফাতেমা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন আলামত। হত্যারহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।