এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আহসান হাবিব। গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। এ ছাড়া বিসিএস পরীক্ষায় তিনি তাঁর ব্যাচে প্রথম স্থান অধিকার করেন। কর্মজীবনে কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন আহসান হাবিব। সিআইসির মহাপরিচালক থাকাকালে তিনি কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। গতকাল ছিল আবদুর রহমান খানের চাকরির শেষ কর্মদিবস। এদিন সরকার তাঁর জায়গায় আহসান হাবিবকে বসানোর সিদ্ধান্ত জানাল।