পাঁচ দিন আগে ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর গতকাল পর্যন্ত নিহতদের মধ্যে উদ্ধার করা লাশের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। তবে ধসে পড়া শত শত ভবনের নিচে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, গত শনিবার সন্ধ্যার পর ৭২ ঘণ্টা পেরিয়ে যাওয়ায় এখন জীবিত উদ্ধারের সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। সূত্র : রয়টার্স। এর আগে রবিবার ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান রহার্হে রদ্রিগেস জানিয়েছিলেন, ওই দিন পর্যন্ত আরও ২০ জনের লাশ উদ্ধারের পর মোট মৃতের সংখ্যা ১ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছিল। তিনি জানান, এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ১৫০ জন এবং গৃহহীন হয়েছেন ১২ হাজার ৭২১ জন। আর ৭৭৪টি ভবন পুরোপুরি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
এদিকে সরকারিভাবে নিখোঁজের সংখ্যা কয়েক শ বলা হলেও, দেশটির বিরোধীদলীয় ওয়েবসাইটে ৫৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে। জাতিসংঘের হিসাবে প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস ভবনগুলোর বাসযোগ্যতা নির্ধারণে একটি প্রেসিডেন্সিয়াল কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি স্কুল-কলেজের ছুটি আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।