ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড দখল কেন্দ্র করে হামিরদী ও মানিকদহ ইউনিয়নের ১০ গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা করেছে। ভাঙ্গা থানার এসআই আসাদ শেখ বাদী হয়ে গতকাল মামলাটি করেন। আড়াই শ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে পাঁচ শতাধিক ব্যক্তিকে।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল্লাহ বলেন, সংঘর্ষের পর রবিবার রাতে পুলিশ বিভিন্ন গ্রাম থেকে ১০ জনকে আটক করেছে। ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয়েছে ফরিদপুর আদালতে। পুলিশের মামলায় তারা আসামি হলে ওই মামলায়ও গ্রেপ্তার দেখানো হবে। উল্লেখ্য, বাসস্ট্যান্ডের দখল নিয়ে ১০ গ্রামবাসীর মধ্যে গত রবিবার চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ান দীপু, ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান, তিনজন এসআই ও চার কনেস্টবল আহত হন।