মরক্কোর বিপক্ষে নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডসের বিদায়ের পর কোচ রোনাল্ড কুমানের কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডেনের সাবেক তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তার মতে, অতি রক্ষণাত্মক পরিকল্পনার কারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে ডাচরা।
ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর গোলে এগিয়ে গেলেও যোগ করা সময়ে সমতা ফেরায় মরক্কো।
ম্যাচে কুমান তার স্বাভাবিক কৌশল থেকে সরে এসে পাঁচজনের রক্ষণভাগ ব্যবহার করেন, যা নিয়ে ম্যাচ শেষে তীব্র প্রতিক্রিয়া জানান ইব্রাহিমোভিচ।
ফক্স স্পোর্টসের বিশ্লেষক হিসেবে তিনি বলেন, 'এই পরাজয়ের দায় কুমানের। আমি এই ডাচ দলকে চিনতেই পারিনি। এমন কৌশলে তারা খেলেছে, যা ডাচদের স্বাভাবিক পরিচয়ের সঙ্গে মেলে না।'
তিনি আরও বলেন, 'আমাকে সবসময় শেখানো হয়েছে আক্রমণাত্মক ফুটবল খেলতে, আক্রমণ, আক্রমণ, আক্রমণ। কিন্তু আজকের নেদারল্যান্ডস তা করেনি। এটা ডাচ স্টাইল নয়।'
ইব্রাহিমোভিচ বলে,'এটা সেই নেদারল্যান্ডস নয়, যেটা আমরা চিনি। তারা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না। বলের দখলও ছিল না, আক্রমণাত্মক ফুটবলও ছিল না। পুরো পারফরম্যান্সটাই ছিল হতাশাজনক এবং এর দায় কোচের।'
বিডি প্রতিদিন/এম.এস