কুড়িগ্রামে নদ-নদীর পানি কমা-বাড়ার মধ্যেই চলছে বন্যা পরিস্থিতি। গত তিন দিন ধরে সবকটি নদ-নদীর পানি আবারও বাড়লেও মঙ্গলবার সকাল থেকে তা কমতে শুরু করে। কিন্তু দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে আজ বিকেল ৩টায় ১১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
অপরদিকে, তিস্তা নদীর পানি কমে এখন বিপৎসীমার মাত্র ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, ধরলা নদীর শিমুলবাড়ি ও সেতু পয়েন্টে পানি কমছে এবং ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া, হাতিয়া ও চিলমারী পয়েন্টেও পানি সামান্য কমেছে।
প্রধান নদ-নদীর পানি বাড়ায় এ অবস্থায় তলিয়ে গেছে সদ্য বেড়ে ওঠা আমন বীজতলা, আউশ ধান, পটলক্ষেত, শাকসবজিসহ পাটক্ষেত ও অন্যান্য ফসল। নতুন করে ফসল নিমজ্জিত হওয়ায় কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়। এখানকার গ্রামীণ সড়কে পানি ওঠায় চলাচলে ব্যাঘাত ঘটছে।
এদিকে, নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের মুড়িয়ারহাট এলাকার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় বর্তমানে ওই উপজেলায় অন্তত ৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ভেসে গেছে ওইসব এলাকার পুকুরের নানা প্রজাতির মাছ।
স্থানীয় পাউবো জানায়, নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে বামনডাঙা ইউনিয়নের মুড়িয়াহাট এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড সেখানে ৩০০ মিটার এলাকা জমি অধিগ্রহণ না হওয়ায় বাঁধটি নির্মাণ করতে পারছে না। বাঁধে পাউবো বালির বস্তা বা জিও ব্যাগ ফেলে উঁচু করে লোকালয়ে পানি প্রবেশে বাধা সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিমজ্জিত হয়েছে নদনদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের কাঁচা সড়ক, মৌসুমি ফসলের ক্ষেত।
কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, সদর, রাজারহাট, ফুলবাড়ী, নাগেশ্বরী, রৌমারী, রাজিবপুর ও ভুরুঙ্গামারীর বিভিন্ন ইউনিয়নের চর ও দ্বীপচরে পানি ওঠায় বীজতলা, পাট ও শাকসবজিসহ ৪৯৯ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এসব ফসলের মধ্যে রয়েছে- আমন বীজতলা, আউশ, পাটক্ষেত, শাকসবজি, মরিচ ও বাদাম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, দ্বিতীয় দফায় নদ-নদীর পানি বেড়ে ৯ উপজেলার ৪৯৯ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। তবে পানি দ্রুত নেমে গেলে আংশিক ফসল রক্ষা হতে পারে। শাকসবজি, মরিচ, বীজতলা অনেক নষ্ট হয়ে যেতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার বিকেলে ৯ উপজেলায় ২৭৫ মেট্রিক টন চাল ও ৮০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি