চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মাদকদ্রব্য ও সিগারেটের বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই