চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা একটি মাছ ধরার ট্রলারে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
দগ্ধরা হলেন- আশিকুজ্জামান তামিম, রুবেল, শাহ আলম, নিজাম উদ্দিন, রাসেল ও ছিদ্দিক আহমেদ। সকলেই ট্রলারটির কর্মকর্তা-কর্মচারী।
ওসি মো. মিজানুর রহমান বলেন, দগ্ধ সবার অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রলারের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে ওসি জানান।
জিডিতে উল্লেখ করা হয়, গভীর সমুদ্রে মাছ আহরণ শেষে গত ২৯ জুন ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাটের সাম্পানঘাট এলাকায় মুরিং বয়ায় নোঙর করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে ট্রলারের ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়।
বিডি প্রতিদিন/নাজিম