হরমুজ প্রণালিতে আটকে থাকা সাড়ে আট হাজারেরও বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নিতে কোনো জাহাজে হামলা না করার বিষয়ে ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট গ্যারান্টি বা প্রতিশ্রুতির প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের আওতাধীন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।
সিএনএন-এর বেকি অ্যান্ডারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএমও-এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ বলেন, উদ্ধারকাজে অংশ নেওয়া কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে না—ইরানের কাছ থেকে এমন আশ্বাস পেলেই তারা অবিলম্বে উদ্ধার তৎপরতা শুরু করতে প্রস্তুত। এর আগে গত বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি জাহাজে ইরানের আকস্মিক হামলার পর সেখান থেকে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয় আইএমও।
ডোমিঙ্গুয়েজ আরও উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে হরমুজ প্রণালিকে মাইনমুক্ত (ডিমাইনিং) করা অত্যন্ত প্রয়োজন। প্রণালি থেকে এসব সামুদ্রিক মাইন অপসারণের কাজে ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ সহায়তার প্রস্তাব দেওয়ায় তিনি তাদের ধন্যবাদ জানান।
তবে অন্য দেশগুলোর এমন প্রস্তাবের বিপরীতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরান অন্য কারও সাহায্য ছাড়াই নিজেদের উদ্যোগে এই প্রণালির সমস্ত মাইন অপসারণ করবে। হরমুজ প্রণালিতে চলমান এই উত্তেজনার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহন ও আন্তর্জাতিক নৌ-বাণিজ্য বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/কেএইচটি