ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মধ্যে একটি স্কুল বাসের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন শিশু আহত হয়েছে, যাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের চেম্বুর এলাকার ১১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিলক নগরের ইউনিভার্সাল হাই স্কুলের বাসটিতে ১২ জন শিক্ষার্থী ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর বাসের কন্ডাক্টর ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসে আটকে পড়া ১২ জন শিশুকেই বের করে আনা হয়।
আহতদের মধ্যে বিহান শ্রীবাস্তব (১১) নামে এক শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় জেন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চার শিক্ষার্থী সামান্য আঘাত পেয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এর আগেও ওই এলাকায় একাধিকবার গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ গাছগুলো ছাঁটাই বা অপসারণের জন্য তারা বারবার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) জানালেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবি তাদের।
বিডি-প্রতিদিন/এমএল