ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিশে শুরার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আতিকুর রহমান নান্নু মুন্সি।
দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জুন ঢাকায় অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশেষ শুরা অধিবেশনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) ৪৮ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। একই সঙ্গে ১১ সদস্যের প্রেসিডিয়াম ও ২৪ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৯ জুন গঠনতন্ত্রের ধারা ১৪ (গ) অনুযায়ী মাওলানা ইমতিয়াজ আলম ও আল্লামা খালিদ সাইফুল্লাহকে দলের উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়া ধারা ১৫ (চ) অনুযায়ী আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সিকে মজলিশে শুরার সদস্য হিসেবে মনোনীত করা হয়।
আতিকুর রহমান নান্নু মুন্সি এর আগে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমিরের দায়িত্বও পালন করছেন।
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী হিসেবে ‘বটগাছ’ প্রতীক নিয়ে নির্বাচন করেন।
বিডি প্রতিদিন/এনআরএইচ