রাজধানীর গেন্ডারিয়ায় দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গোলাম মোস্তফা (৫২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘুন্ডিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা নিহতের ছেলে মো. ইউসুফ হাওলাদার বলেন, আমার বাবা পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন। সকালের দিকে তিনি রিকশা নিয়ে গেন্ডারিয়া ঘুন্ডিঘর এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত রিকশা তার রিকশাকে জোড়ে ধাক্কা দেয়। এতে বাবা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মৃত গোলাম মোস্তফা মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ী থানার হাসাইল গ্রামের মো. শরু হাওলাদারের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক রোডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ