নাগরিক সেবার মানোন্নয়ন, বাস্তবসম্মত আয়-ব্যয়ের সমন্বয় এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের অ্যানেক্স ভবনে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
সংবাদ সম্মেলনে প্রশাসক জানান, নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা। আগামী দিনে নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রেখে নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও জানান, আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট নির্ধারণ করা হয়েছে। আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সা।
সংবাদ সম্মেলনে প্রশাসক বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী নগরী গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জেডআর