রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন একটি ভবনে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপের আঘাতে মো. সোহাগ (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা রোডের কাজলা স্কুলসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মাসুদ জানান, পাইলিংয়ের কাজ করার সময় সোহাগের পা পিছলে যায়। এ সময় লোহার একটি পাইপের সঙ্গে তার মাথায় জোরে আঘাত লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহাগের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিল্টুবালিয়া গ্রামে। তিনি যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস