কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অ্যালগরিদম এবং সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর সংস্কৃতির কড়া সমালোচনা করেছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। তার মতে, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা শিল্পের মৌলিক সৃজনশীলতাকেই ক্ষতিগ্রস্ত করছে।
ফ্যাশন সাময়িকী ভোগ ইতালিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাডোনা বলেন, এআইয়ের ওপর নির্ভরশীলতা মূলত শিল্পকর্ম তৈরির বিপরীত। তার ভাষায়, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে ঝুঁকি নেওয়া থেকে দূরে সরিয়ে দেয়, অথচ প্রকৃত শিল্পের জন্মই হয় নতুন কিছু করার সাহস থেকে।
বর্তমান সময়ে শিল্পীদের কাজের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা বেশি গুরুত্ব পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ম্যাডোনা বলেন, একসময় চিত্রশিল্পী, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীরা একসঙ্গে কাজ করে একে অপরকে অনুপ্রাণিত করতেন। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই রেকর্ড চুক্তি বা নতুন সুযোগ নির্ভর করছে কার ফলোয়ার কত- সেই হিসাবের ওপর।
সংখ্যার এই প্রতিযোগিতার বিরুদ্ধে নিজের অবস্থানের কথা তুলে ধরে তিনি তার গান 'Bring Your Love' এর একটি লাইন স্মরণ করেন, যেখানে তিনি বলেন, সংখ্যা দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। ক্যারিয়ারের শুরুতে কখনো চার্ট বা স্ট্রিমিং পরিসংখ্যান নিয়ে ভাবেননি বলেও জানান এই কিংবদন্তি শিল্পী।
নতুন গান তৈরির সময় প্রযুক্তি থেকে নিজেকে দূরে রাখেন বলেও জানান ম্যাডোনা। তার মতে, সৃজনশীলতার জন্য নির্জনতা ও মানসিক স্থিরতা প্রয়োজন। তিনি বলেন, “আমি বিরতি নিতে এবং লোকচক্ষুর আড়ালে চলে যেতে পছন্দ করি। কল্পনাকে উজ্জীবিত করতে স্থিরতা দরকার। এমন কিছু দিন থাকা উচিত, যখন আপনি শুধু প্রকৃতি, নিজের সন্তান আর ঘোড়াগুলোর সঙ্গে সময় কাটাবেন।”
প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে ম্যাডোনা এর আগেও একাধিকবার কথা বলেছেন। তার 'Confessions Too: The Film' এর প্রিমিয়ারে ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন, ফোনগুলো নামিয়ে রাখুন, একে অপরের সঙ্গে সত্যিকারের সংযোগ তৈরি করুন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ