সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দায়িত্বরত এক বিমানবালাকে যৌন হয়রানি ও বারবার অনুসরণ করার অভিযোগে ৩৫ বছর বয়সী ভারতীয় নাগরিক আকাশ তিওয়ারিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।
আদালতের নথি অনুযায়ী, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি থাইল্যান্ড থেকে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে চার বন্ধুর সঙ্গে ভ্রমণ করছিলেন তিওয়ারি। যাত্রাপথে কেবিন ক্রুদের প্রতি তারা অশোভন আচরণ ও হাসাহাসি করছিলেন।
খাবারের অর্ডার নেয়ার সময় এক বিমানবালা তাদের কাছে গেলে তিওয়ারি ইচ্ছাকৃতভাবে তার পায়ে হাত দিয়ে স্পর্শ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে ওই বিমানবালাকে অন্য সেকশনে দায়িত্ব দেওয়া হয়। তবে পরে ট্রে সংগ্রহ করতে গেলে তিওয়ারি আবারও তার পিঠে কনুই দিয়ে স্পর্শ করেন।
দ্বিতীয়বার অভিযোগের পর কেবিন ক্রুরা তিওয়ারির মুখোমুখি হলে তিনি কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ করেননি বলে দাবি করেন। এ সময় তার এক বন্ধু ঘটনাটি নিয়ে হাসাহাসি করেন।
রাষ্ট্রপক্ষ জানায়, বিমানবালা একাধিকবার তিওয়ারিকে তাকে স্পর্শ না করার জন্য সতর্ক করেছিলেন। কিন্তু তিনি ক্ষমা চাওয়ার পরিবর্তে হাসিমুখে প্রতিক্রিয়া জানান, যা ভুক্তভোগীকে মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তোলে। ফ্লাইটটি অবতরণের আগে তিওয়ারি বিমানবালার পিছু নিয়ে গ্যালিতে যান এবং তার খুব কাছাকাছি অবস্থান করেন। বিমানবালা বারবার সরে যেতে বললেও তিনি তা উপেক্ষা করেন। একপর্যায়ে ভীতসন্ত্রস্ত বিমানবালা চিৎকার করে সহায়তা চান এবং পরে কান্নায় ভেঙে পড়েন। এরপর তিওয়ারি সেখান থেকে সরে যান। বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করে।
দুটি যৌন হয়রানি এবং একটি হয়রানির অভিযোগে দোষ স্বীকার করার পর সোমবার (২৯ জুন) আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে ভুক্তভোগী বিমানবালাকে ক্ষতিপূরণ হিসেবে ৯০ হাজারের বেশি ভারতীয় রুপি পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, নারীদের প্রতি যৌন হয়রানি ও শারীরিক অসদাচরণের বিরুদ্ধে দেশটিতে কঠোর আইন কার্যকর রয়েছে এবং এ ধরনের অপরাধের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: এনডিটিভি
বিডি-প্রতিদিন/এমএল